প্রশ্ন: আমি কি আমার মালিকানাধীন ২০০ টাকার একটি জিনিস ইন্টারনেট বা অনলাইনে ২০০০ টাকায় বিক্রি করতে পারি? শরীয়াহ অনুযায়ী কতো টাকা লাভ করা বৈধ বা উচিত? এক্ষেত্রে রাষ্ট্র মূল্য নির্ধারণ করে দিতে পারবে কি?
উত্তর: শরীয়তের দৃষ্টিতে পণ্যে লাভ করার ক্ষেত্রে কোন পরিমাণ নির্ধারিত নেই; বরং ধোঁকা না দেওয়ার শর্তে ক্রেতা-বিক্রেতা পারস্পরিক সন্তুষ্টি চিত্তে যে কোন মূল্যে ক্রয়-বিক্রয় করা যায়।
তবে হানাফী মাজহাবের পরবর্তী ফকীহগণ হাম্বলী বিশ্লেষণের অনুকরণে মত ব্যক্ত করেছেন যে, বিক্রেতা মিথ্যার আশ্রয় নিয়ে পণ্যের ক্রয় মূল্যের এক তৃতীয়াংশের বেশী লাভ নির্ধারণ করলে তা প্রতারণা হিসাবে চিহ্নিত হবে। সে ক্ষেত্রে ক্রেতা চাইলে বাস্তবতা জানার পর পণ্য ফেরৎ দিতে পারবে।
আর স্বাভাবিকভাবে পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ করার কোন অধিকার নেই। তবে দ্রব্যমূল্য অস্বাভাবিক বেড়ে গেলে জনদুর্ভোগ কমাতে এবং বাজারের শৃংখলা রক্ষা করতে রাষ্ট্র পণ্যের মূল্য নির্ধারণ করে দিতে পারে।
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে উল্লিখিত মূলনীতির আলোকে আপনার জন্য আপনার মালিকানাধীন ২০০ টাকার জিনিষটি ইন্টারনেট বা অনলাইনে ২০০০ টাকায় বিক্রি করা স্পষ্ট প্রতারণা। ক্রেতা প্রতারণার বিষয়ে অবগত হলে তার জন্য চুক্তি বাতিল করার অধিকার প্রতিষ্ঠিত হবে। তবে ক্রেতা প্রতারণার বিষয়টি জেনে বুঝে স্বেচ্ছায় রাজি হলে, চুক্তিটি আবশ্যক গণ্য হবে। সে ক্ষেত্রে পরবর্তীতে শুধু এই কারণে ফেরৎ দেওয়ার অধিকার থাকবে না। আর বিক্রেতার জন্য কারো অজ্ঞতা ও অসহায়ত্বের সুযোগে স্থানীয় প্রচলন থেকে বেশি মুনাফা নেয়া শরীয়তের চাহিদা পরিপন্থী। ক্ষেত্রবিশেষ জুলুমও বটে।
শরয়ী প্রমাণাদি






