মাসায়েল ২৪
সহযোগিতা
রবিবার, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
প্রশ্ন করুন

ঢাকায় আসছেন শাইখুল ইসলাম মুফতি তাকী উসমানী

মুফতি শরীফ মালিক
•
১ নভেম্বর, ২০২৬
৬৩২ বার পঠিত
ঢাকায় আসছেন শাইখুল ইসলাম মুফতি তাকী উসমানী
শেয়ার করুন:

মাসায়েল২৪ সংবাদ:

আগামী ২২ নভেম্বর ২০২৬, রোজ রবিবার, রাজধানী ঢাকার (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে) কাওলা নামাপাড়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ঐতিহাসিক "দস্তারবন্দী মহাসম্মেলন"। শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকা-এর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সমকালীন মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলোকবর্তিকা, শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকী উসমানী (হাফিজাহুল্লাহ)। তিনি উক্ত প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও মুরুব্বী। কথা রয়েছে, তিনি উক্ত অনুষ্ঠানে আম বয়ানের পাশাপাশি দরসে বুখারী ও মুসালাসালাতুল হাদিসের দরস ও সনদ প্রদান করবেন। 

এছাড়াও তাঁর ঢাকা, সিলেটসহ দেশের কয়েকটি স্থানে গুরুত্বপূর্ণ সেমিনার ও সম্মেলনে যোগদানের কথা রয়েছে।

কে এই আল্লামা মুফতি তাকী উসমানী?

আল্লামা মুফতি মুহাম্মদ তাকী উসমানী বর্তমান বিশ্বে সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম শীর্ষস্থানীয়। তিনি একাধারে একজন প্রখ্যাত ফকীহ, মুহাদ্দিস, বিশিষ্ট অর্থনীতিবিদ, আইনজ্ঞ এবং লেখক।

পারিবারিক ব্যাকগ্রাউন্ড: তিনি ১৯৪৩ সালে ভারতের দেওবন্দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন অবিভক্ত ভারতের গ্র্যান্ড মুফতি এবং পাকিস্তানের বিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম করাচির প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি মুহাম্মদ শফী (রহ.)।

  • বর্তমান পদবী: তিনি পাকিস্তানের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া দারুল উলুম করাচির মহাপরিচালক (মুহতামিম) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি 'বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তান'-এর সদর (সভাপতি)।

  • ইসলামী অর্থনীতিতে অবদান: আধুনিক ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন ব্যবস্থার অন্যতম প্রধান রূপকার ও তত্ত্বীয় গুরু বলা হয় তাঁকে। তিনি জেদ্দায় অবস্থিত ওআইসি (OIC)-এর অধীনস্থ ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমি-এর একজন অন্যতম দীর্ঘকালীন সক্রিয় সদস্য। বিশ্বজুড়ে বিভিন্ন ইসলামী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরীয়াহ বোর্ডের প্রধান বা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • আইন বিভাগে ভূমিকা: তিনি ১৯৮০ থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরীয়ত অ্যাপিলিয়েট বেঞ্চের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

  • জ্ঞান ও সাহিত্য: হাদিস শাস্ত্র, ফিকহ, তাসাউফ ও সমসাময়িক বিষয়ের ওপর আরবি, উর্দু ও ইংরেজি ভাষায় তাঁর রচিত গ্রন্থসংখ্যা শতাধিক। তাঁর লিখিত বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ 'ইনআমুল বারী', ফিকহ বিষয়ক বিশ্বকোষ, হাদিস বিশ্বকোষ (আল-মুদাওয়ানাতুল জামিয়াহ), তাফসীরে ‘তাওযীহুল কুরআন’, এবং বিভিন্ন বিষয়ের উপর রচিত বিভিন্ন কালজয়ী বই সারা বিশ্বে সমাদৃত।

দীর্ঘদিন পর আল্লামা মুফতি তাকী উসমানী সাহেবের এই বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সর্বস্তরের উলামায়ে কেরাম বিশেষকরে কওমি মাদ্রাসার সর্বোচ্চ স্তরের শিক্ষার্থীদের জন্য সরাসরি তাঁর মুখ থেকে হাদীসের সর্বোচ্চ কিতাব বুখারী শরীফের পাঠ শ্রবণ করার এটি একটি দুর্লভ সুযোগ হতে যাচ্ছে। শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পক্ষ থেকে মহাসম্মেলনটি সফল করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজহুল্লাহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের এতে অংশগ্রহণের জন্য দ্বীনি দাওয়াত জানিয়েছেন।

শ

মুফতি শরীফ মালিক

লেখক

মুহাদ্দিস, গবেষক ও ফতোয়া আলোচক

শেয়ার করুন:

সম্পর্কিত আরও ফতোয়া ও প্রবন্ধ