প্রশ্ন:
মুহতারাম, আমি পেশায় একজন ডাক্তার। যার দরুণ আমাকে পুরুষ মহিলা সব শ্রেণীর মানুষের সাথে দেখা সাক্ষাৎ, কথা-বার্তা বলা ও তাদের অবস্থা জানতে হয়। এ ক্ষেত্রে পর্দার বিধান পুরোপুরি মেনে চলা আমার পক্ষে সম্ভব হয়ে উঠে না। তাই মনে মনে পরিকল্পন ও সিদ্ধান্ত নিলাম মাসিক বেতন হারে একজন মহিলা ডাক্তার রাখব। যিনি শরীয়া ও পর্দার পূর্ণ বিধান মেনে কেবল মহিলা রোগী দেখবেন।
উল্লেখ্য যে, এ ক্ষেত্রে সকল সরঞ্জাম মেডিসিন আমার জিম্মাদারীতে থাকবে, সে কেবল বেতন ভূক্তা হয়ে কাজ করবে। এখন আমার জানার বিষয় হলো এক্ষেত্রে শরীয়াহ বিধান কি?
উত্তর:
শরয়ী দৃষ্টিতে পুরুষের জন্য প্রয়োজনবশতঃ নারী রোগীদের চিকিৎসা করার অবকাশ থাকলেও কোনো নারী চিকিৎসকের ব্যবস্থা করা গেলে তাকে দিয়ে চিকিৎসা করানোই উত্তম। পাশাপাশি নারী চিকিৎসক নিয়োগ দেয়ার জন্য তার মজুরী ও সময় নির্দিষ্ট করা এবং শরয়ী পর্দা রক্ষার শতভাগ নিশ্চয়তা দেয়া জরুরী। অন্যথায় উক্ত নিয়োগ শরীয়তসম্মত হবে না।
সুতরাং প্রশ্নোক্ত সুরতে আপনার বর্ণিত উদ্দেশ্য যদি যথাযথ হয় এবং উক্ত নারী ডাক্তারের চিকিৎসার সময় ও বেতন নির্ধারণ করা থাকে তাহলে আপনার জন্য উল্লেখিত পদ্ধতিতে মহিলা ডাক্তার নিয়োগ দেয়া বৈধ হবে।





