কওমি মাদরাসার পরিচিতি:
“কওমি মাদরাসা” অর্থ কত্তম বা জাতীর বিদ্যাপীঠ। মুসলিম উম্মাহর ঈমান-আকিদা এবং ইসলামী চিন্তা-চেতনা, তাহজিব-তামাদ্দুন হেফাজতের বিষয়কে সামনে রেখে সম্পূর্ণরূপে সরকারি সাহায্য সহযোগিতা-গ্রহণ থেকে বিরত থেকে যে প্রতিষ্ঠান পরিচালিত হয় তাকে কওমি মাদরাসা বলে।
কওমি মাদরাসা প্রতিষ্ঠার প্রেক্ষাপট:
আমরা জানি ১৬৩৩ সালে ব্রিটিশ বেনিয়ারা (ইংরেজরা) ছদ্মবেশে ভারত উপমহাদেশে প্রবেশ করে। তারা নিজেদেরকে মুখে ব্যবসায়ী বলে পরিচয় দেয়। “ইস্ট ইন্ডিয়া কোম্পানি” নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করে। বাহ্যিকভাবে ব্যবসায়ী হলেও আদতে ওরা ছিল ক্ষমতালোভী। তাই তারা রাজ্য-ক্ষমতা দখলের আশায় রাজনীতিতে অনুপ্রবেশ করে। শাসকদের বিলাস মত্ততার সুযোগে ১৭৫৭ সালে ইংরেজরা ভারতের রাজ্য-ক্ষমতা দখল করে নেয়। অতপর ১৮৩৫ সালে ব্রিটিশ সরকার ইংরেজি ভিত্তিক জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করে। যার ফলে চাকরি থেকে বাদ পড়ে অসংখ্য মাদরাসা পড়ুয়ারা। তদুপরি ওলামায়ে কেরাম চাকরি হারালেও দ্বীনের কেন্দ্র মাদরাসা শিক্ষাকে পাঁজাকোলা দিয়ে বুকে আগলে রাখেন। ধীরে ধীরে পরিস্থিতি রূপ পরিবর্তন করে। ইংরেজ সরকার ঘোষণা করে, এখন থেকে শুধু তাদের হুকুম চলবে। একথা শুনে আর নীরব থাকতে পারেননি যমানার মর্দে মুজাহিদ, হকের আলোকবর্তিকা অধিকারী শাহ আব্দুল আজিজ রহ.। তিনি দীপ্তকণ্ঠে ঘোষণা করেন, আজ থেকে ভারত দারুল-হরব অর্থাৎ শত্রু কবলিত এলাকা। সুতরাং প্রতিটি মুসলমানের কর্তব্য আপন ভূমিকে রক্ষার জন্য ময়দানে ঝাপিয়ে পড়া।
তখন তার এ ফতোয়ার ফলশ্রুতিতে মুক্তিপাগল মুজাহিদ বাহিনী একত্রিত হয় বালাকোট প্রান্তরে। কিন্তু ইংরেজদের হীন চক্রান্তে তারা বাহ্যিক দৃষ্টিতে ব্যর্থ হয়। শহীদদের রক্তে রঞ্জিত হয় বালাকোট প্রান্তর। রচিত হয় আত্মত্যাগের এমন এক ইতিহাস, যাতে বিশ্বাসঘাতকতার অভিশাপ মুমিনদেরকে দমানোর অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। বস্তুত তারা অভিভাবকহীন, আর মুজাহিদদের জন্য একমাত্র আল্লাহ্ই যথেষ্ঠ।
অতপর সিপাহী বিপ্লব (স্বাধীনতা আন্দোলন) যখন ব্যাহত হলো, আর ইংরেজ সরকার পুরোপুরি বুঝতে পারল যে, সকল আন্দোলনের মূলহোতা হচ্ছে ওলামায়ে কেরাম এবং মুসলমানরা। তখন মুসলমানদের উপর শুরু হয় ইতিহাসের সবচে লোমহর্ষক নির্যাতন। শুরু হয় গণহারে হত্যাযজ্ঞ। লক্ষ লক্ষ আলেমকে প্রকাশ্যে জবাই করে হত্যা করা হয়। কেড়ে নেওয়া হয় হাজারো মা-বোনের ইজ্জত-সম্ভ্রম। ত্রাস ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে এবং স্বাধীনতাকামী দেশবাসীর মনোবলকে ভেঙ্গে দেওয়ার মানসে দিনের পর দিন শহীদদের লাশ গাছে লটকিয়ে রাখা হয়। আলেম কাউকে
দেখলেই নির্বিচারে হত্যা করা হয়। অবস্থা যখন এই ছিল যে, কোন মুসলিম-ঘর আলেম ছাড়া ছিল না। তখন অবস্থা এই দাঁড়ায় যে, গ্রামের পর গ্রাম খুঁজেও একজন আলেম পাওয়া দুষ্কর হয়ে পড়ল। এমনকি কাফন-দাফন করার মতো লোক পাওয়াও কঠিন হয়ে পড়ল। হতাশার ঘন অমানিশা ছেয়ে ফেললো এই উপমহাদেশকে।
এহেন পরিস্থিতিতে ইলমে ওহীর ধারাবাহিকতা টিকিয়ে রাখা, ইসলামী তাহজিব-তামাদ্দুন রক্ষা এবং স্বাধীনতা আন্দোলনকে সচল রাখার জন্য একদল সিপাহসালার তৈরীর নিমিত্তে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. এর ইঙ্গিতে, আল্লামা কাসেম নানুতুবী রহ. এর নেতৃত্বে ইতিহাসের প্রথম কওমি মাদরাসার ভিত্তি স্থাপিত হয়। যার নাম দেওয়া হয় ‘দারুল উলুম দেওবন্দ’। বর্তমানে এই দেওবন্দী সিলসিলাতে সারাবিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য মাদরাসা।
মাদরাসা শিক্ষার ধারাবাহিকতা:
প্রিয় পাঠক! এখন আমরা জানবো মাদরাসা শিক্ষার সূচনা কোত্থেকে হয়েছিল? তো চলুন ঘুরে আসি চৌদ্দশত বছর পূর্বের রাসুলে আরাবীর জন্মভূমি থেকে।
মরুভূমি আর পাহাড়ে বেষ্টিত মক্কা নগরী, বাইতুল্লাহ থেকে প্রায় তিন কিলোমিটার দুরে প্রসিদ্ধ পাহাড় "জাবালে নূর"। তার চূড়ায় একটি ছোট্ট গুহা, যেখানে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধ্যানে মগ্ন হতেন মহান রবের স্মরণে। উক্ত গুহাতেই নবীজির উপর অবতীর্ণ হয় কোরআনের প্রথম সূরার কয়েকটি আয়াত। অতঃপর প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কেরামকে কোরআন এবং শরীয়তের বিধি-বিধান শিক্ষা দেয়ার জন্য মক্কায় প্রতিষ্ঠা করেন “দারুল আরকাম”। প্রিয়নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম মদিনায় হিজরতের পর মসজিদে নববীতে গঠিত হয় “আসহাবুস সুফফাহ” নামক একটি ছোট্ট মাদ্রাসা। যেখানে সর্বদা অবস্থান করতেন একদল ইলমপিপাসু সাহাবা। যারা মসজিদে নববীতে ক্ষুধা অনাহার সহ্য করে ইলমে-ওহী আহরণের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে পড়ে থাকতেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মৃত্যুর পর সাহাবায়ে কেরাম দ্বীন প্রচারের জন্য দিক-দিগন্তে ছড়িয়ে পড়েন এবং দেশে দেশে কালেমার পতাকা উড্ডীন করেন। ইসলামের প্রচার-প্রসারের সাথে সাথে ইলমে-ওহীও প্রসারিত হতে থাকে। সাহাবী থেকে তাবেয়ী এবং তাবেয়ী থেকে তাবে-তাবেয়ী এভাবে চলতে থাকে ইসলামী জ্ঞান বিকাশের নুরানী ধারা। অতঃপর সম্ভবত মিশরের তদানীন্তন বাদশা হাকীম ইবনে আমর ইসলামি জ্ঞান চর্চার কেন্দ্রগুলোকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নিয়ে আসেন এবং স্বতন্ত্র শিক্ষাকেন্দ্র চালু করেন। অপরদিকে দক্ষিণ এশিয়ায় ১০১৩ সালে সর্বপ্রথম স্বতন্ত্র মাদরাসা স্থাপন করেছিলেন সুলতান মাহমুদ গজনবী রহ.। ভারতে সুলতান কুতুবুদ্দিন আইবেকের শাসনামলে ১২০৫ সালে নাসিরুদ্দিন কেবাচা একটি মাদরাসা স্থাপন করেন এবং রাজশাহীতে বাংলার প্রথম মাদরাসা স্থাপন করেন তাকিউদ্দিন আরাবী। অতপর ১২৭০ সালে আল্লামা শায়খ শারফুদ্দিন আবু তাওয়ামা তৎকালীন বাংলার রাজধানী সোনারগাঁয়ে একটি বিরাট ইসলামী শিক্ষা কেন্দ্র স্থাপন করেন। যার নিদর্শন এখনো বিদ্যমান রয়েছে।
ভারতবর্ষে মুসলমানদের সাতশত বছরের শাসনামলে সমস্ত গুরুত্বপূর্ণ শহর ও জনপদগুলোতে গড়ে ওঠে বহু মাদরাসা। ইংরেজদের ক্ষমতা দখলের সময় শুধু বঙ্গপ্রদেশে ৮০ হাজারের ঊর্ধ্বে এবং পুরো উপমহাদেশে ছিল ১২ লক্ষাধিক মাদরাসা। সুতরাং মাদরাসা শিক্ষায় রয়েছে গৌরবময় ১৪ শত বছরের ইতিহাস।
কওমি মাদরাসার অবদান:
কওমি মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে ইসলামী শিক্ষাধারাকে অনুসরণ করে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে যে ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছিল তা কেবলমাত্র শিক্ষা ও সংস্কৃতির মাঝেই সীমাবদ্ধ থাকেনি বরং উপমহাদেশের মুসলিম উম্মাহর সামগ্রিক দিক তথা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সুস্থ চিন্তা-ধারার বিকাশ, দ্বীনের প্রচার-প্রসারসহ নানা বিষয়ে ব্যাপক প্রভাব পড়ে।
ওলামায়ে দেওবন্দের উল্লেখযোগ্য অবদানসমূহের কয়েকটি হলো:
১. শিক্ষা ও সংস্কৃতির বিকাশে অবদান।
২. ইসলামী জ্ঞানচর্চার ক্ষেত্রে অবদান।
৩. সুস্থ-রাজনৈতিক ক্ষেত্রে অবদান।
8. সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অবদান।
৫. ইসলামের প্রচার ও প্রসারের ক্ষেত্রে অবদান।
৬. বাতিল ও কুসংস্কার প্রতিরোধে অবদান।
৭. মানবতার সেবায় অবদান।
মোটকথা, ইসলামী শিক্ষার ক্ষেত্রে কওমি মাদরাসা এমন একটি সময় হাল ধরেছিল, যখন ইসলামী শিক্ষা বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। এবং ইসলামী সংস্কৃতির লালন ও বিকাশের ক্ষেত্রে কওমি মাদরাসা অদ্যাবধি ভূমিকা রেখে আসছে। যেমন দেওবন্দ প্রতিষ্ঠার শুরুলগ্নের কথা। মুসলমানরা দীর্ঘদিন হিন্দুদের সাথে থাকার কারণে কিছু হিন্দুয়ানী প্রথা মুসলমানদের মাঝে প্রবেশ করে। তখন ওলামায়ে কেরাম এসকল অপসংস্কৃতির বিরুদ্ধে লিখনী এবং বক্তৃতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানেও অপসংস্কৃতির কালো থাবা যখনই সমাজকে গ্রাস করে নিতে চেয়েছে, তখনই কওমি ওলামায়ে কেরাম সুস্থ সংস্কৃতির বিকাশের মাধ্যমে সকল অপশক্তিকে দমন করেছেন। এবং ইসলামী সঠিক পথের দিশা দিয়েছেন। ইসলামী জ্ঞানচর্চার ক্ষেত্রে কওমি মাদরাসা সর্বাধিক ভূমিকা রেখেছে। কেননা শুধু কওমি সিলেবাসেই কোরআন সুন্নাহর ইলমকে একমাত্র লক্ষ্য বানানো হয়েছে। তাই আমরা বুঝতে পারলাম, কওমি মাদ্রাসা হল জাতির কল্যাণে নিবেদিত সমৃদ্ধ একটি শিক্ষাব্যবস্থার নাম।
শরীফ মালিক
শিক্ষাসচিব ও সিনিয়র মুফতি: শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা






