প্রিয়নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন-“আল্লাহ তা'আলা যার প্রতি কল্যাণের ইচ্ছা করেন, তাকে দ্বীনের গভীর ব্যুৎপত্তি দান করেন। আল হাদীস।
বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. আলেমের পরিচয় দিতে গিয়ে বলেন, আলেমকে চেনা যায় রাতের গভীরতায়, যখন পৃথিবীর মানুষ সুখনিদ্রায় বিভোর থাকে। কর্মমুখর দিনের প্রহরে, অন্যরা যখন মত্ত থাকে পানাহারের সুখ আস্বাদনে। আত্মার বিলাপ ও আহাজারিতে আলেম তখন তার সত্তার পরিচয় লুকিয়ে রাখে। হাসি আনন্দ উৎসব আমেজে সবাই যখন আত্মহারা হয়ে ওঠে। নির্বাক নিস্তব্ধতায় তাকে খুঁজে ফিরতে হয়, অর্থহীন অসার গল্প-কথকতায় মানুষ যখন শব্দ ঝংকারে চারপাশ আলোড়িত করে তুলে। দুঃখ বেদনার অথৈ সমুদ্রে সম্ভরণরত তাকে দেখে চেনা যায় দর্পিত আত্মার হর্ষধ্বনি, যখন অন্যরা সব মুখরিত করে তোলে। চিত্ত ও গাম্ভীর্যের সাবলীল পদক্ষেপের দৃপ্ত অবিচলতায় তার ছায়া ভাস্বর হয়ে উঠে, যখন আনন্দ কোলাহলে মানুষ থাকে বেসামাল উন্মাতাল।
সত্যিকারের আলেম তিনিই
• যিনি আল্লাহকে ভয় করেন। যিনি ইলম অনুযায়ী আমল করেন। যার কথা-বার্তা চাল-চলন ও জীবন পদ্ধতিতে এর যথাযথ বহিঃপ্রকাশ ঘটে।
• একজন আলেম উপকারী ইলম সম্পন্ন হবেন এবং অপ্রয়োজনীয় ইলম থেকে মুক্ত হবেন।
• যিনি মানুষকে আল্লাহর রহমত হতে নিরাশ না হওয়ার বাণী শোনাবেন। আবার তাদেরকে গুনাহমুক্ত জীবন পরিচালনার আহ্বান করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেনঃ তুমি হয়তো আলেম হও, অথবা তালিবে ইলম হও, অথবা মনোযোগ সহকারে ইলম শ্রবণকারী হও, অথবা ইলম ও আলেমদের মুহাব্বতকারী হও, পঞ্চম কোনো প্রকার হয়ো না।
ভালো আলেমের কিছু বৈশিষ্ট্য:
তাওহীদগ্রহণ এবং তাগুত তথা আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ্কে বর্জনের আহবান করেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন, কোন বিষয় এড়িয়ে যান না। তার সাথে সকল বাতিল ইলাহ (তাগুতদের) ও তাদের সমর্থকদের শত্রুতা থাকে। একজন আলেম সর্বদা নিজের এবং স্বীয় অনুসারীদের অজ্ঞাতসারে শিরকের ব্যাপারে সতর্ক থাকেন। তিনি কাফিরদের সফলতা দেখে দুঃখিত হন না। একজন সত্যিকারের আলেম কখনোই অর্থের পিছনে পড়েন না, মৃত্যুর সময় অঢেল সম্পদ রেখে যান না। তবে একজন আলেম অবশ্যই মানুষকে লা-ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহর একত্ববাদের দাওয়াত দেবেন।। কাফেরদের সাথে কথা বলার সময় একজন আলেমের মুখ ভয়ে সাদা হয়ে যাবে না। একজন আলেম কোন ধরণের বিদআতে শরিক হবেন না। একজন আলেম ভালো কাজের নির্দেশ দেবেন এবং খারাপ কাজ হতে নিষেধ করবেন।
মন্দ আলেমদের কিছু বৈশিষ্ট্য :
অবৈধভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করা। জাগতিক স্বার্থে আল্লাহর বিধানকে পরিবর্তন করা। জেনেশুনে সত্য গোপন করা। কিংবা শর্তহীনভাবে দুর্বল হাদিস ব্যবহার করা। না জেনে ইলম ছাড়া কথা বলে মনগড়া তাফসীর করা। শাসক বা রাজা-বাদশাদের সুবিধামতো ফতোয়া দেওয়া। সকল ইসলামি কাজের মধ্যে নিজেদের স্বার্থ খুঁজে বেড়ানো। কোরআনের মুতাশাবিহা আয়াতকে ব্যবহার করে স্বার্থসিদ্ধি করা।।






