প্রশ্ন: জনাব, আমার জানার বিষয় হলো যে, আমাদের এলাকায় কিছু লোক আছে যারা কবর জিয়ারতের সময় কবরবাসীর জন্য দোয়া করার পূর্বে সূরা ইখলাস বা অন্যান্য দোয়া দরুদ পাঠ করার আগে কবরের পাশে না গিয়ে যে স্থান থেকে দোয়া করতেছে সেখান থেকে এই দোয়াটি পাঠ করা হয়। আস্সালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর।
এখন আমার প্রশ্ন হলো- এই দোয়াটি কি কবরের পাশে গিয়ে পড়ার নিয়ম? না যে স্থান থেকে দোয়া করিতেছে সেখান থেকেও এই দোয়া পাঠ করতে পারবে? তাই শরীয়তের আলোকে উক্ত দোয়াটি কোথায় থেকে পাঠ করতে হবে এর সঠিক সমাধান জানালে উপকৃত হবো।
নিবেদক
মাও. আমির হোসাইন সাহেব
কুড়িগ্রাম, বাজবাড়ী।
উত্তর: কবরবাসীদের রুহে সাওয়াব পৌঁছানো তথা ইসালে সাওয়াব এবং কবর যিয়ারত দু’টি ভিন্ন কাজ, নিয়মও তার ভিন্ন। ইসালে সাওয়াব যে কোনো স্থান থেকে করা যায়। ঘরে বসে করলেও যথেষ্ট হয়। কবরের পাশে যাওয়া শর্ত নয়। পক্ষান্তরে কবর জিয়ারত হচ্ছে গোরস্থানে উপস্থিত হয়ে বা নিকটে গিয়ে শরয়ী পদ্ধতিতে দোয়া, সালাম ও মাগফিরাত কামনা করার নাম, যা যিয়ারতকারীর জন্যও অনেক উপকারী বলে হাদীসে এসেছে। প্রশ্নে বর্ণিত সালাম/দোয়া “আস্সালামু আলাইকুম ইয়া আহলার কুবুর” কবর যিয়ারতের আদব বা সুন্নাতের অন্তর্ভূক্ত। ইসালে সাওয়াবের সাথে এটার কোনো সম্পর্ক নেই।
বিধায় প্রশ্নের বর্ণনানুযায়ী ঘরে বসে গোরস্থান থেকে অনেক দূরে অবস্থান করে ইসালে সাওয়াব করাকালীন “আস্সালামু আলাইকুম ইয়া আহলার কুবুর” পাঠ করা (যা কবর যিয়ারতের সাথে সম্পৃক্ত) শরীয়ত সম্মত নয়, তাই বর্জনীয়। কেননা শরীয়ত কর্তৃক যে কাজ যেখানে করা প্রমাণিত, সে স্থানে সীমাবদ্ধ রাখাই সর্ব উত্তম। এর ব্যতিক্রম করা অনুচিত ও অগ্রহণযোগ্য।






