প্রশ্ন:
মুহতারাম, বাংলাদেশের একজন মুফতি ও ইসলামী রাজনীতিবীদ সংসদ নির্বাচনকে জিহাদ বলে ঘোষণা দিয়েছেন। জানার বিষয় হলো, শরয়ী দৃষ্টিতে এমন সংগ্রামকে জিহাদ আখ্যা দেয়ার বিধান কি? উল্লেখিত ক্ষেত্রে জিহাদ শব্দের প্রয়োগ প্রকৃত জিহাদের অপব্যাখ্যা হবে কি?
উত্তর:
ইসলামী শরীয়তে জিহাদ গুরুত্বপূর্ণ একটি বিধান, যা মুসলমান মাত্রই কারো অজানা নয়। তবে তার অর্থ, ব্যাখ্যা ও শর্তসমূহ নিয়ে কিছুটা মতভেদ থাকলেও তার ফরজিয়্যাত ও অকাট্য বিধান হওয়ার ব্যাপারে কোনো মতভেদ নেই। অভিধানে জিহাদ শব্দের অর্থ হচ্ছে, চেষ্টা ও সামর্থ ব্যয় করা। তবে তা অধিকাংশ ব্যবহার হয় আল্লাহর রাস্তায় তার দীন ইসলামের প্রাধান্যতা ও তাগুতী শক্তির প্রভাব বিনষ্টের লক্ষ্যে চেষ্টা সামর্থ ব্যয় করার ক্ষেত্রে।
এ হিসেবে সব ধরনের সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের চেষ্টা চালিয়ে যাওয়াও জিহাদের অন্তর্ভুক্ত। আর শরীয়তের পরিভাষায় জিহাদ বলা হয়, অমুসলিমদেরকে দীনে হক তথা ইসলামের প্রতি দাওয়াত দেয়া এবং দাওয়াত গ্রহণ না করলে হক ও ইসলামের বড়ত্ব ও প্রাধান্যতা স্বীকারে বাধ্য করা। চাই তা কর আদায়ের মাধ্যমে হোক বা সন্ধির মাধ্যমে। যদি তাতেও রাজি না হয়, তাহলে তাদের সাথে জান-মাল দিয়ে যুদ্ধ করা। আর এটাই হচ্ছে হাকীকী জিহাদ, যাকে কুরআনের বিভিন্ন আয়াতে ও হাদীসে ‘কিতাল’ বলা হয়েছে। তাছাড়া ব্যাপক অর্থে দীন প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের চেষ্টা-প্রচেষ্টা চালিয়ে যাওয়া, চাই তা লিখনীর মাধ্যমে হোক, বয়ান ও খেতাবের মাধ্যমে হোক, দাওয়াত কিংবা ওয়াজ নসীহত, তালীম-তাআল্লুমের মাধ্যমে হোক এগুলোও ব্যাপক অর্থে জিহাদের অন্তর্ভুক্ত।
অতএব, বদদীনী পরিবেশ ও মানবাধিকার লঙ্ঘন, আল্লাহ বিরোধী আইন প্রণয়নের মতো অপশক্তির মোকাবেলায় শরীয়ত নির্দেশিত পন্থায় ভোটের নির্বাচনও ব্যাপক অর্থে জিহাদেরই অন্তর্ভুক্ত। এতে কোনো সংশয়ের অবকাশ নেই। পক্ষান্তরে অস্ত্রের মাধ্যমে তাগুতী শক্তির মোকাবেলা করা যে হাকীকী জিহাদ, তার প্রতি গুরুত্বহীন হয়ে জিহাদকে ব্যাপক অর্থের সাথে সীমাবদ্ধ করা (যেমন ইদানিংকালে দেখা যায়) চরম আপত্তিকর এবং বর্জনীয়।
সুতরাং প্রশ্নে বর্ণিত মুফতি সাহেব যদি হাকীকী জিহাদের গুরুত্বারোপের পাশাপাশি ব্যাপক অর্থে নির্বাচনে ভোটের প্রতিযোগিতাকে জিহাদ বলে তাহলে তার কথায় আপত্তির কোনো কারণ নেই। আর যদি হাকীকী জিহাদের প্রতি গুরুত্বারোপ না করে একক ভোটের নির্বাচনকেই জিহাদ আখ্যা দিয়ে থাকে তাহলে তা অবশ্যই দীন পরিবর্তনের আশংকা থাকায় অনুচিত ও বর্জনীয়।





