বর্তমান যুগ ফিতনার যুগ। প্রতিনিয়ত নতুন নতুন ফিতনা প্রকাশ পাচ্ছে। নানা নামে, নানা উপায়ে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। বিচিত্র প্রতারণা, প্রলোভন ও মুখরোচক স্লোগানের আড়ালে তারা মানুষকে বিভ্রান্ত করছে। মানুষের ঈমান হরণ করছে: আমল-আখলাক নষ্ট করছে। এই মুখরোচক কিন্তু চরম ঈমানবিধ্বংসী ফিতনাগুলোর অন্যতম হলো আমাদের এ অঞ্চলের তথাকথিত 'হেযবুত তওহীদ' নামক সংগঠন। এ ভ্রান্ত সংগঠনটির গোমরাহীর সারবস্তু হচ্ছে দ্বীনের ভেতর ইলহাদ ও যানদাকাহ অবলম্বন করা; ইসলামের দাবি করে, ইসলামের চেহারা ধারণ করে এমন সব আকীদা ও কর্মপদ্ধতি প্রচার করা, যা মূলত সরাসরি কুফরী চিন্তা ও আদর্শ। নিন্মে তাদের সংক্ষিপ্ত বিবরণ পেশ করা হল।
প্রতিষ্ঠা ও উৎস:
‘হেযবুত তওহীদ দলটির প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের মোহাম্মদ বায়াজীদ খান পন্নী(২০১২ ঈসায়ী) তিনি ছিলেন কলেজ পড়ুয়া একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আরবী ভাষা সম্পর্কে তার তেমন কোনো জ্ঞান ছিল না। আর কুরআন-হাদীসের ভাষায় তিনি ছিলেন একেবারেই নিরক্ষর। এ কথা তিনি নিজেও তার বক্তব্যে স্বীকার করেছেন। (দ্র. আল্লাহর মো’জেজা হেযবুত তওহীদের বিজয় ঘোষণা, পৃ. ৫৫) তাই স্বভাবতই মনে প্রশ্ন জাগে, তিনি যে ইসলামের নামে এত কিছু লিখেছেন বা বলেছেন, তা তিনি কোথায় পেলেন? এর উত্তর হলো,
তিনি জীবনের শুরুর সময় কোলকাতায় কাটিয়েছেন। সেখানে থাকাকালীন ‘তেহরিক-এ-খাকসার’ নামক একটি আন্দোলনে যোগ দিয়েছিলেন। এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন এনায়েতুল্লাহ খান মাশরেকী। তার নিজস্ব কিছু ভ্রান্ত চিন্তাধারা ছিল। যেগুলোর ব্যাপারে তৎকালীন প্রায় সকল উলামায়ে কেরাম কুফর ও ভ্রান্তির ফতোয়া দিয়েছিলেন (মুফতী শফী রহিমাহুল্লা কর্তৃক রচিত "মাশরেকী আওর ইসলাম" গ্রন্থে এসবের বিস্তারিত বিবরণ এসেছে)। কিন্তু পন্নী সাহেব মাশরেকীর সেই চিন্তাগুলোকেই আপন করে নেন। এগুলোকে তিনি এতটাই আত্মস্থ করে নিয়েছিলেন যে, ১৯৪৭-এর পর ‘খাকসার আন্দোলন’ বিলুপ্ত করা হলেও তিনি এগুলোকে ছাড়তে পারেননি; বরং তিনি নিজ এলাকায় এসে এগুলোকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে শুরু করেন। যা পরবর্তীতে আরো ডালপালা ছড়িয়ে ১৯৯৫ সনে ‘হেযবুত তওহীদ’ নামে আত্মপ্রকাশ করে। এভাবেই শুরু হয় এই সংগঠনটির কার্যক্রম।
তাদের কয়েকটি মৌলিক মতবাদ:
১. সব ধর্মকে সত্য মনে করা
হেযবুত তওহীদের মহাসত্যের আহ্বান গ্রন্থে বলা হয়েছে—
“মানবজাতির ঐক্যই স্রষ্টার কাম্য। তাই সকল ধর্মেই আছে ঐক্যের শিক্ষা। কিন্তু ধর্মব্যবসায়ীরা ধর্মকেই বিভেদের প্রাচীর বানিয়ে রেখেছে। তারা অন্য ধর্মগুলোকে মিথ্যা এবং সেই ধর্মের অনুসারীদেরকে জাহান্নামী, কাফের বলে গালিগালাজ করে। অথচ সকল ধর্মই আল্লাহর প্রেরিত, ধর্ম প্রবর্তকগণও তাই।” — মহাসত্যের আহ্বান, পৃ. ৮৩।
অনুরূপভাবে ঐক্যের আহ্বান পুস্তিকায় বলা হয়েছে— “আমরা কাউকে এসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি ইত্যাদি কোন বিশেষ ধর্মের প্রতি আকৃষ্ট করছি না। আমাদের কথা হচ্ছে, যার যার ধর্ম বিশ্বাস তার তার কাছে।” — ঐক্যের আহ্বান, পৃ. ৭।
অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- اِنَّ الدِّیْنَ عِنْدَ اللهِ الْاِسْلَامُ “নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র (মনোনীত) দ্বীন।”সূরা আলে ইমরান ৩:১৯।
আরও ইরশাদ হয়েছে— وَ مَنْ یَّبْتَغِ غَیْرَ الْاِسْلَامِ دِیْنًا فَلَنْ یُّقْبَلَ مِنْهُ، وَ هُوَ فِی الْاٰخِرَةِ مِنَ الْخٰسِرِیْنَ “আর যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে দ্বীন হিসেবে গ্রহণ করতে চাইবে, তা তার কাছ থেকে কিছুতেই কবুল করা হবে না এবং আখেরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।” সূরা আলে ইমরান, ৩:৮৫।
রাসূলুল্লাহ ﷺ-ও ইহুদি-নাসারাসহ যারা তাঁর আনীত দ্বীনের প্রতি ঈমান না এনে মৃত্যুবরণ করবে, তাদের ব্যাপারে জাহান্নামের কঠোর সতর্কবাণী প্রদান করেছেন। —সহীহ মুসলিম, হাদীস ১৫৩।
২. প্রচলিত ইসলামকে বিকৃত আখ্যায়িত করা
তাদের মহাসত্যের আহ্বান গ্রন্থে বলা হয়েছে—
“আমরা দুনিয়াময় ইসলাম নামে যে ধর্মটি দেখতে পাচ্ছি সেটা আল্লাহর রসুলের রেখে যাওয়া ইসলাম নয়, এটা একটি বিকৃত ও বিপরীতমুখী ধর্মবিশ্বাস।” — মহাসত্যের আহ্বান, পৃ. ২৭।
অন্যত্র বলা হয়েছে— “অতীতের সবগুলি ধর্মই যেমন কাল পরিক্রমায় বিকৃত হোয়ে গেছে, এসলামও ১৩০০ বছরে বিকৃত হোতে হোতে একেবারে বিপরীতমুখী হোয়ে গেছে।” — এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, পৃ. ৩।
পন্নী সাহেব তাঁর "এ ইসলাম ইসলামই নয় "গ্রন্থে লিখেছেন— “যেসব বিকৃতি আসার ফলে পূর্ববর্ত্তী অন্যান্য ধর্ম বাতিল করে আল্লাহ নতুন নবী পাঠিয়েছেন সেই সব বিকৃতি এই শেষ দীনেও এসে গেছে।” — এ ইসলাম ইসলামই নয়, পৃ. ৪০৪১।
“কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এই উম্মাহর অবস্থা সঠিক ও সরল থাকবে।” —সহীহ বুখারী, হাদীস ৭৩১২।
৩. সাধারণ মুসলমানদের কাফের সাব্যস্ত করা
তারা কেবল নিজেদেরকেই নাজাতপ্রপ্ত সঠিক দল মনে করে। এছাড়া অন্য সবাইকে বেইমান মনে করে। যেমন তাদের "আসমাউ ওয়া আত্তাবেয়্যু "পুস্তিকায় কর্মীদের উদ্দেশে বলা হয়েছে—
“ভুলে যেও না আমরা শেরক ও কুফরের মহাসমুদ্রের মধ্যে মাত্র এক ফোঁটা হেদায়াহ।” — আসমাউ ওয়া আত্তাবেয়্যু, পৃ. ৪২।
আর মহাসত্যের আহ্বান-এ বলা হয়েছে—
“এই জাতি তার সমস্ত নামাজ, যাকাত, হজ্ব রোযা সব সুদ্ধ বেঈমান অর্থাৎ কাফের, মোশরেক।” — মহাসত্যের আহ্বান, পৃ. ১৫।
এমনিভাবে ইসলামের প্রকৃত রূপরেখা-তে বলা হয়েছে— “এই জাতি এখন আল্লাহর লা’নতের ও গযবের বস্তু, এর অবস্থা এখন অতীতের অভিশপ্ত ইহুদি জাতির চেয়েও নিকৃষ্ট।” ইসলামের প্রকৃত রূপরেখা, পৃ. ১৩।
“কোনো মুমিনকে কুফুরীর অপবাদ দেওয়া তাকে হত্যা করার সমতুল্য।” —সহীহ বুখারী, হাদীস ৬১০৫।
“যে কেউ তার ভাইকে কাফের বলবে, সেটা তাদের দুজনের কোনো একজনের ওপর বর্তাবে। যদি সে যা বলেছে তা বাস্তব হয় তবে তো হল। অন্যথায় তার নিজের ওপরই তা বর্তাবে।” —সহীহ মুসলিম, হাদীস ৬০।
৪. মৌলিক ইবাদত সম্পর্কে ভিন্ন ব্যাখ্যা
তাদের মহাসত্যের আহ্বান-এ বলা হয়েছে—
“এবাদত হচ্ছে আল্লাহর খেলাফত করা, কিন্তু ভুল করে নামাজ, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদিকে এবাদত বলে মনে করা হচ্ছে।” — মহাসত্যের আহ্বান, পৃ. ৯।
আরও বলা হয়েছে—
“আমাদের বুঝতে হবে যে, নামাজ, রোযা, উপবাস, উপাসনা, পূজা অর্চনা ধর্মের মূল কাজ নয়।” — মহাসত্যের আহ্বান, পৃ. ১০৪।
পন্নী সাহেব তাঁর এ ইসলাম ইসলামই নয় গ্রন্থে লিখেছেন—
“দীনের আর বাকি যেটুকু আছে নামায, রোযা, ইত্যাদি হাজারো কাজ, সব আনুষাঙ্গিক, গৌণ।” — এ ইসলাম ইসলামই নয়, পৃ. ১৯।
৫. বিভিন্ন হারাম বিষয়কে বৈধতা দেওয়া
তাদের প্রিয় দেশবাসী গ্রন্থে বলা হয়েছে—
“যে গান, নৃত্য, চিত্রকলা, সাহিত্য, নাটক ইত্যাদি শিল্পচর্চা মানবজাতির কল্যাণে সহায়ক হবে ... সেগুলো কেবল বৈধ নয়, আমরা মনে করি সেগুলো ইবাদততুল্য।” — প্রিয় দেশবাসী, পৃ. ১২৭।
মহাসত্যের আহ্বান-এ বলা হয়েছে—
“নবান্ন উৎসব, চৈত্রসংক্রান্তি বা পহেলা বৈশাখ ইত্যাদি কোনো উৎসবই শরিয়ত পরিপন্থী হতে পারে না।” — মহাসত্যের আহ্বান, পৃ. ৯৪।
পর্দার বিধান সম্পর্কেও তাদের প্রকাশনায় বলা হয়েছে—
“নারীকে একশ্রেণির ধর্মব্যবসায়ী ধর্মের দোহাই দিয়ে, পর্দার অজুহাতে, তাদের সম্মান ও সম্ভ্রম রক্ষার অজুহাতে মিথ্যে ফতোয়ার বেড়াজালে বন্দি করে আপাদমস্তক কাপড়ে আবৃত কিম্ভূতকিমাকার অবলা প্রাণীতে পরিণত করে রেখেছে।” পাশ্চাত্যের মানসিক দাসত্ব দূরীকরণে গণমাধ্যমের করণীয়, পৃ. ৬৩।
মতবাদ প্রচারের কয়েকটি কৌশল:
তাদের প্রচারণায় উলামায়ে কেরামের বিরুদ্ধে ‘ধর্মব্যবসায়ী’ ইত্যাদি শব্দ প্রয়োগ, কথার মারপ্যাঁচে ভ্রান্ত বক্তব্য উপস্থাপন, কুরআন-হাদীসের অপব্যাখ্যা এবং জাল বা অপ্রমাণিত বর্ণনার ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়।
উদাহরণস্বরূপ, ‘عُمْرُ أُمَّتِيْ مِنْ سِتِّيْنَ سَنَةً إِلَى سَبْعِيْنَ سَنَةً হাদীসটিকে তারা উম্মতের প্রকৃত ইসলাম ৬০/৭০ বছর পর বিলুপ্ত হওয়ার দলীল হিসেবে উপস্থাপন করেছে।
ইসলামের প্রকৃত রূপরেখা-তে বলা হয়েছে— “অর্থাৎ তাঁর প্রকৃত উম্মাহ পৃথিবীতে থাকবে ৬০/৭০ বছর, তারপর যেটা থাকবে সেটা নামে মাত্র উম্মতে মোহাম্মদী, সেটা প্রকৃত পক্ষে উম্মতে মোহাম্মদী নয়।” — ইসলামের প্রকৃত রূপরেখা, পৃ. ৪৮।
অথচ হাদীসের অন্য বর্ণনায় মানুষের আয়ু ৬০ থেকে ৭০ বছরের মধ্যে হওয়ার কথা সুস্পষ্টভাবে এসেছে। —জামে তিরমিযী, হাদীস ২৩৩১, ৩৫৫০।
তাদের গ্রন্থে রাসূলুল্লাহ ﷺ-এর নামে এমন একটি বর্ণনাও উল্লেখ করা হয়েছে— “রসুলাল্লাহ (দ.) একদিন আসরের নামাযের পর হঠাৎ পূর্ব দিকে চেয়ে খুশী হয়ে হাসলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন তিনি অমন করে হাসলেন কেন? জবাবে বিশ্বনবী (দ.) বললেন- ভবিষ্যতে ইসলাম বিকৃত হয়ে যাবার পর হিন্দের (ভারতের) পূর্বে একটি সবুজ দেশ থেকে প্রকৃত ইসলাম পুনর্জীবন লাভ করবে।”
পন্নী সাহেব এর কোনো নির্দিষ্ট হাদীসগ্রন্থের নাম উল্লেখ করেননি; বরং পরবর্তীতে লিখেছেন— “০২/০২/২০০৮তারিখের মো’জেজার মাধ্যমে আল্লাহ এ হাদীসটিরও সত্যায়ন কোরলেন”। আল্লাহর মো’জেজা হেযবুত তওহীদের বিজয় ঘোষণা, পৃ. ৮৬।
অথচ আলোচ্য হাদীসের বাহ্যিক বক্তব্যই সেটা জাল হওয়ার প্রমাণ বহন করছে।
ইতিহাসের বিকৃতি
নাজাশী (রহ.)-এর ইসলাম গ্রহণ ইসলামী ইতিহাসের একটি সুপ্রতিষ্ঠিত ঘটনা। অথচ তাদের দৈনিক দেশেরপত্র সংকলন, সংখ্যাু২৪-এ বলা হয়েছে—
“নাজ্জাশী মুসলিম না হয়েও শেষ নবীকে আত্মা থেকে বিশ্বাস করে তাঁর সত্য প্রতিষ্ঠার সংগ্রামে সাহায্য করার জন্য জান্নাতবাসী হয়েছেন। সুতরাং একই কথা হিন্দু-বৌদ্ধ-ইয়াহুদীসহ সকল ধর্ম সম্প্রদায়ের জন্য সমভাবে প্রযোজ্য।” — দৈনিক দেশেরপত্র সংকলন, সংখ্যা ২৪, পৃ. ২৫।
হেযবুত তাওহীদের ব্যাপারে শরয়ী বিধান
ইতঃপূর্বে আমারা জেনে এসেছি যে, বায়াজীদ খান পন্নী যেহেতু ইনায়াতুল্লাহ মাশরেকীর ভ্রান্ত মতবাদগুলোর অনুসরণ করেছেন এবং তার দলের আকীদাগুলোও মাশরেকীর ভ্রান্ত আকীদার অনুরূপ। আর এনায়েতুল্লাহ মাশরেকীর ব্যাপারে তার সমকালীন বড় বড় আলেম কুফর ও যানদাকার ফতওয়া প্রদান করেছিলেন। যাদের মধ্যে হযরত থানভী, মুফতী কেফায়াতুল্লাহ দেহলভী ও মুফতী মুহাম্মাদ শফী রহ. অন্যতম। তার বিষয়ে তদন্ত করার জন্য দারুল উলুম দেওবন্দ থেকে দায়িত্বপ্রাপ্ত হন মুফতী মুহাম্মাদ শফী রহ.। তিনি তার বইপত্র অধ্যয়নপূর্বক তার কুফরী মতবাদ তুলে ধরে 'মাশরেকী আওর ইসলাম' নামে একটি পুস্তিকা রচনা করেন। যাতে তিনি তার কুফরী ও গোমরাহী আকীদাগুলো তুলে ধরার পর বলেন,
“উপর্যুক্ত বিবরণমতে এইসব বিষয় নিশ্চিতভাবে ইসলামের বিপরীত এবং ইলহাদ ও যানদাকাহ। শরীআতের পরিভাষায় মুলহিদ ও যিন্দীক ওই ব্যক্তিকে বলা হয়, যে নিজেকে মুসলিম দাবি করা সত্ত্বেও কুফরী আকীদা পোষণ করে এবং কুরআনের আয়াতসমূহের এমন ব্যাখ্যা করে যা অন্যান্য আয়াত, হাদীস ও উম্মাহর ইজমাহর বিপরীত। এমন ব্যক্তি শরীআত অনুযায়ী মুরতাদ হিসাবে গণ্য হয়। ... নিজেকে মুসলমান দাবিকারী কোনো ব্যক্তিকে কাফির বলা অত্যন্ত স্পর্শকাতর ও খতরনাক বিষয়। এজন্য আমরা তার ক্ষেত্রে সম্ভাব্য পর্যায়ের সতর্কতা অবলম্বন করেছি। যখন তার বক্তব্যসমূহে কোন ধরনের সঠিক ব্যাখ্যার অবকাশ পাওয়া যায়নি, তখন মুসলিম উম্মাহর ও মাশরেকী সাহেবের কল্যাণ কামনায় এ কথা লিখছি যে এমন আকিদা ও চিন্তাধারা পোষণকারী ব্যক্তি মুলহিদ ও ইসলামের বিরোধিতা কারী ” (মাশরকী আওর ইসলাম: ১০০-১০১, জাওয়াহিরুলর ফিক্হ : ১/ ৩৬০- ৬১, যাকারিয়া বুক ডিপো)
যেহেতু হেযবুত তাওহীদ মূলত মাশরিকীর খাকসার ফিতনার পন্নী সংস্করণ, তাই বলার অপেক্ষা রাখে না যে, বাইজীদ খান পন্নি ও তার সমস্ত অনুসারী, যারা তার এই মতবাদকে সত্য মনে করেন এবং অনুসরণ করেন তারাও মাশরেকী সাহেবের ন্যায় মুলহিদ ও ইসলামের গণ্ডি বহির্ভূত বলে বিবেচিত হবে।
শেষ কথা
হেযবুত তওহীদ' নামক মতবাদটি এক নতুন ইসলামের দাবি নিয়ে দাঁড়িয়েছে। প্রকৃত ইসলামের সাথে যার সম্পর্ক নেই। যদি কোনো মুমিন হেযবুত তওহীদের খপ্পর থেকে তার ঈমানকে রক্ষা করতে চায় তাহলে অবশ্যই তাকে এদের সকল অপপ্রচার ও ঈমানহবিধ্বংসী কর্মকাণ্ড থেকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকলকে তাওফীক দিন, যেন আমরা "সত্যকে সত্য হিসাবে চিনে তা গ্রহণ এবং মিথ্যাকে মিথ্যা হিসাবে বুঝে তা বর্জন করতে পারি"। আমীন, আল্লাহুম্মা আমীন।
টীকা: ১। উল্লেখ্য, সংগঠনটির নাম এবং তাদের বক্তব্যগুলো উল্লেখের ক্ষেত্রে সম্পূর্ণরূপে তাদের বানানরীতি অনুসরণ করা হয়েছে।
২। ওয়েবসাইট লিংক : https://www.hezbuttawheed.org






